ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,
“দেশের মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। সরকারকে দায়িত্ব নিয়ে এই অনিশ্চয়তা দূর করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। অন্যথায় দেশ গভীর সংকটে পড়বে।”
রুহুল আমিন হাওলাদার রাজনৈতিক প্রতিহিংসার বিরোধিতা করে বলেন,
“মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় পার্টি গণতান্ত্রিক চর্চায় ও নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী।”
মতবিনিময় সভায় দলের কো-চেয়ারম্যান লিয়াকত হোসেন, প্রেসিডিয়াম সদস্য ফকরুল আহসান শাহজাদা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা