ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে একজন পথচারী আহত হন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, তিনি ফুটপাথে বসে চা খাওয়ার সময় হঠাৎ একটি ককটেল এসে পড়ে, এতে তাঁর মোটরসাইকেলের তেলের ট্যাংক নষ্ট হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ ককটেল নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে প্রক্টোরিয়াল টিম ও পুলিশ অভিযান চালাচ্ছে, সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
@ইয়াসমিন রিমা