ভেতরের খবর নিউজ ডেক্স: আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং পরে নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা ইস্যু, বিমান ও নৌ খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরতান্ত্রিক পরিস্থিতিতে তিনটি ‘কাটাছেঁড়া’ নির্বাচন বাদ পড়া বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের পর প্রণীত ‘জুলাই সনদ’ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘নতুন সূচনা’ করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
যুক্তরাজ্যের মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান জুলাই সনদ নিয়ে শুরু হওয়া জাতীয় সংলাপকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতের ওপর জোর দেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আরও বেশি বাংলাদেশিকে বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহিত করছে সরকার।
রোহিঙ্গা সংকট ঘিরে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, ক্যাম্পের তরুণেরা শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ক্রমে ক্ষুব্ধ হয়ে উঠছেন এদের জন্য শিক্ষা নিশ্চিত করা জরুরি।
বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগর গবেষণায় ব্যবহারের জন্য যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কিনছে বাংলাদেশ। এ ছাড়া যুক্তরাজ্যের মন্ত্রী দুই দেশের বিমান যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা


