ভেতরের খবর নিউজ ডেক্স: ঢাকায় আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে হামলার শিকার হওয়া সালমা ইসলাম নামের এক নারীকে গত বছরের জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধানমন্ডি থানা–পুলিশ জানায়, ৪২ বছর বয়সী গৃহিণী সালমা ইসলাম আজিমপুরে থাকেন। গতকাল দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিলে এক তরুণী তাঁকে লাঠি দিয়ে মারধর করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েকজন তাঁকে পুলিশে সোপর্দ করেন।
তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, গত বছরের ১৯ জুলাই ধানমন্ডিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সালমার সম্পৃক্ততার বিষয়ে কয়েকজন সাক্ষী তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে সালমা ইসলামের আইনজীবী আবুল হোসেন পাটওয়ারী অভিযোগ করেন, ভুক্তভোগী হয়েও তাঁর মক্কেলকে অন্যায়ভাবে একটি পুরোনো মামলায় আসামি বানানো হয়েছে। তিনি দাবি করেন, “যে অপরাধ তিনি করেননি, সে মামলায় তাঁকে জড়ানো হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
তদন্ত কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত শুনানি শেষে সালমা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
@ইয়াসমিন রিমা


