ভেতরের খবর নিউজ ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরুর আট দিনের ব্যবধানে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র বিতরণের ঘোষিত সময় শেষ হলেও ব্যাপক সাড়া পাওয়ায় সময় আরও সাত দিন বাড়িয়েছে দলটি। এখন ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র কেনা যাবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, ৩ হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যে তারা কাজ করছেন। নাসীরুদ্দীন বলেন, “আগামী কয়েক দিনে আমরা এই লক্ষ্যমাত্রা ইনশা আল্লাহ ছুঁতে পারব।”
এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, আলেমসহ নানা শ্রেণিপেশার মানুষের কাছ থেকে আবেদন আসছে। জনগণের ইতিবাচক সাড়া ও আগ্রহের কারণেই মনোনয়নপত্র বিক্রির সময়সীমা বাড়ানো হয়েছে।
বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা থেকে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে। এ ছাড়া অনলাইনেও মনোনয়নপত্র কেনার সুযোগ রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আপনারা সংসদে গিয়ে নিজেদের মজুরি, মালিকদের নিষ্পেষণ–নিপীড়ন নিয়ে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলবেন, এটা আমরা চাই।”
তিনি আরও বলেন, “ইনশা আল্লাহ, আমরা পুরো দেশকে জানাতে চাই যে আমরা দক্ষ ও যোগ্য প্রতিনিধিকে সংসদে পাঠাতে চাই। কোনো গডফাদার, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের নয়, ভালো মানুষদের পাঠাতে চাই।”
৬ নভেম্বর উদ্বোধিত মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমে প্রতিটি ফর্মের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলুমবিহীন জুলাই আন্দোলনের কর্মী এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।


