ভেতরের খবর নিউজ ডেক্স: গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে এবং ডুমদিয়ায় আগুন জ্বালিয়ে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। সোমবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর পর্যন্ত তিলছড়া ও ডুমদিয়া এলাকায় এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ৮টার দিকে তিলছড়া বাজারসংলগ্ন মহাসড়কে সড়কের পাশ থেকে গাছের গুঁড়ি টেনে এনে প্রায় ২০ মিনিট ধরে চলাচল বন্ধ করে দেন কিছু ছাত্রলীগ কর্মী। খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌছালে অবরোধকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পুলিশ গুঁড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, কয়েকজন লোক সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। অবরোধ কার্যত সফল হয়নি।
এদিকে গোপালগঞ্জ–কোটালীপাড়া সড়কের বেদগ্রাম এবং ঢাকা–খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় দেশি অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


