ভেতরের খবর নিউজ ডেক্স: মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাঁর বাসার সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হলে প্রক্টরিয়াল টিমসহ শাহবাগ থানা পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুর সম্পৃক্ততা পাওয়া গেছে। আজ তাঁকে আদালতে তোলা হবে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
আটকের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাভলু দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁরা লাভলুকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং গণহত্যায় দায়ী শিক্ষকদের বিরুদ্ধেও একই অবস্থান নেবেন।
উল্লেখ্য, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা


