ভেতরের খবর নিউজ ডেক্স: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
সংলাপে বিএনপি প্রস্তাব করে, জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা (আরও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (এআরও) হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। তাঁদের দাবি এই একটি সিদ্ধান্ত দেশের নির্বাচনী প্রক্রিয়ায় “গুণগত পরিবর্তন” আনতে পারে।
বর্তমানে ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও ঢাকা–চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ইউএনও ও ক্ষেত্রবিশেষে ইসির কর্মকর্তারা থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে। অতীতেও এই দায়িত্ব ইসির নিজস্ব জনবলকে দেওয়ার দাবি উঠেছিল।
সংলাপে আবদুল মঈন খান বলেন, “৩০০ আসনে সরকারের কাছ থেকে লোক ধার করে এনে নির্বাচন করানো ঠিক নয়। ইসির যে জনবল আছে, তাদের সর্বোচ্চ ব্যবহারে সাহসী সিদ্ধান্ত নিতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি, এসপি, ইউএনও ও ওসিকে নিয়ন্ত্রণ করেই নির্বাচনের ফল প্রভাবিত করা হয়। এ পদ্ধতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
বিএনপির দাবি, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসিকে শক্ত অবস্থান নিতে হবে। সরকারের প্রতি নতজানু ইসি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন আবদুল মঈন খান।
@ইয়াসমিন রিমা


