ভেতরের খবর নিউজ ডেক্স: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে রুমেল পাঠানের মালিকানাধীন টিনসেড কলোনিতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে এবং মুহূর্তের মধ্যে প্রায় ১০০টি রুম পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কলোনির একটি রুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, “কলোনির একটাও রুম বাঁচানো যায়নি। সবকিছু পুড়ে গেছে। কিছুই বের করা সম্ভব হয়নি।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিক শাহ আলম জানান, “অফিসে থাকা অবস্থায় খবর পাই। বাসায় এসে দেখি আমার নিজের পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই।”
ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, “কয়েকদিন আগে বেতন পেয়েছি। সব টাকা রুমেই ছিল। আগুনে চোখের সামনে সব শেষ হয়ে গেল।”
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসকেও নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


