ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু) জ্যেষ্ঠ নেতাদের ‘ভাষার দুর্ভিক্ষ’–এর অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। উল্লেখ্য, গত ২৯ জুন ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছিল।
ফেসবুকে দেওয়া পোস্টে বদিউল আলম লিখেছেন, দলীয় কার্যক্রমে যুক্ত হওয়ার পর থেকেই তিনি লক্ষ্য করেছেন উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের ভাষা মানহীন ও অশালীন। গত ১৮ অক্টোবর জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনলাইন সভায় এসব নেতাদের ভাষা তাঁর কাছে ‘নিকৃষ্ট’ বলে মনে হয়েছে। এমন আচরণের লোকজনের সঙ্গে রাজনীতি করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে তিনি বলেন, “ওই জ্যেষ্ঠ নেতাদের ব্যবহৃত ভাষা কোনোভাবেই শালীনতার মধ্যে পড়ে না। এ কারণেই হতাশ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন জানান, বদিউল আলমের পদত্যাগের খবর তিনি পেয়েছেন ফেসবুকের মাধ্যমে। তবে লিখিত কোনো কিছু এখনো পাননি। তিনি আরও বলেন, বদিউল আলম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি কখনোই সক্রিয় ছিলেন না; নামে মাত্রই যুক্ত ছিলেন। তাঁর পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন আলাউদ্দিন।
@ইয়াসমিন রিমা


