রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার।
তদন্ত কমিটির নেতৃত্বে আছেন, মো. মামুনুর রশিদ, উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) – কমিটির প্রধান। কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ঢাকা অঞ্চল – সদস্যসচিব। অতীশ চাকমা, উপসহকারী পরিচালক, ঢাকা উত্তর অঞ্চল
মো. নাজিম উদ্দিন সরকার, জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা, তেজগাঁও বিভাগ। মো. সোহরাব হোসেন, ওয়্যারহাউস পরিদর্শক, ঢাকা-২৩ অঞ্চল
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট টানা পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
আগুনে অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায়। দুর্ঘটনার পরদিনও বস্তিবাসীরা পোড়া ঘরে ফিরে নিজেদের কিছু উদ্ধার করার চেষ্টা চালান।