ভেতরের খবর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযোগে বাইজিদ আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাইজিদ বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে। তিনি অনেক দিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করে আসছিলেন। স্থানীয়দের দাবি, কোরআনে ভুল আছে—এমন কথাও বলতেন তিনি।
শুক্রবার বিকেলে বাইজিদ মাদ্রাসার আলমারিতে রাখা কয়েকটি কোরআন শরীফ টেনে বের করে আগুন লাগানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন,
“ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয়রা যুবককে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় এবং সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর বাড়িখলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।