ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন–সম্পর্কিত জটিলতায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ট্রেডক্যাপ স্টক ব্রোকারেজের লেনদেন। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২৪ নভেম্বর প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত করা হয়। ফলে প্রায় ২২ হাজার বিনিয়োগকারী বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন।
আগের নাম আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের মালিকানা বদল হয়ে গত বছর নতুন নামে ট্রেডক্যাপ স্টক ব্রোকারেজ হিসেবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। মালিকানা ও নাম পরিবর্তনের পর ডিএসই প্রয়োজনীয় কাগজপত্র বিএসইসিতে পাঠায়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত না আসায় লাইসেন্স নবায়ন ঝুলে থাকে এবং মেয়াদ শেষ হয়ে যায়।
ডিএসই জানায়, তাদের করণীয় সব সম্পন্ন হলেও বিএসইসির সিদ্ধান্ত ছাড়া লেনদেন পুনরায় চালু করা সম্ভব নয়। অন্যদিকে বিএসইসির মুখপাত্র বলেন, ডিমিউচুয়ালাইজেশন আইনে লেনদেনস্বত্ব বিক্রি–সংক্রান্ত জটিলতা রয়েছে এবং বিষয়টি যাচাই না করে মন্তব্য করা সম্ভব নয়।
এ অবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ জমা দেওয়া সত্ত্বেও সিদ্ধান্ত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।
@ইয়াসমিন রিমা