ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী এই কম্পন ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
বনশ্রী, সবুজবাগ, মহাখালী ও ধানমন্ডিসহ একাধিক এলাকার বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু রাজধানী নয়, গাজীপুর ও নারায়ণগঞ্জেও ভূকম্পন টের পাওয়া গেছে বলে জানা গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC)-এর তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি ধরনের এই ভূমিকম্প রাজধানীর ভূমিকম্প-ঝুঁকির বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে।


