ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুস–এই চার জটিলতা ওঠানামা করায় তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির দাবি, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও যাত্রা নির্ভর করছে চিকিৎসকদের অনুমতি ও তাঁর দীর্ঘ ফ্লাইট সহ্য করার সক্ষমতার ওপর।
মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কিডনির কার্যকারিতা কিছুটা উন্নতি হলেও তিনি এখনো আশঙ্কামুক্ত নন। এ কারণেই প্রথমে ৫ ডিসেম্বর, পরে ৭ ডিসেম্বর এবং সর্বশেষ ৯ ডিসেম্বর ঠিক করা হলেও তাঁর বিদেশ যাওয়ার তারিখ এখনো অনিশ্চিত।
মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বিমান ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা এখনো অর্জিত হয়নি। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যা এবং চিকিৎসকদের পরামর্শ মিলিয়ে যাত্রা পিছিয়ে যাচ্ছে। সবুজ সংকেত পেলেই কাতারের সহযোগিতায় জার্মানি থেকে ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।
এদিকে প্রতিদিনই খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লন্ডন থেকে আসা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
@ইয়াসমিন রিমা


