ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, অভিযোগটি অনুসন্ধানের জন্য একটি বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।
দুদক সূত্র জানায়, রাজধানীর নিকুঞ্জ–১ এলাকায় লেকড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে অবস্থিত আবদুল হামিদের তিনতলা ডুপ্লেক্স বাড়ির আশপাশে সাজসজ্জার নামে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পর ২০২৩ সালের এপ্রিলে তিনি সপরিবারে ওই বাসভবনে বসবাস শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, ওই বাড়ির পাশের রাস্তায় বাঁধ নির্মাণ, নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়, যা ব্যক্তিগত বাসভবনের সৌন্দর্যবর্ধনের জন্য করা হয়েছে।
এইসব “অপ্রয়োজনীয় অবকাঠামো” নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা অপচয় বা ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদক জানিয়েছে, বিষয়টি বর্তমানে আনুষ্ঠানিক অনুসন্ধানের আওতায় রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।


