ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রায় নয় বছর পর ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সরাসরি টিকিটের ভিত্তিমূল্য না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বা অতিরিক্ত মাশুল আরোপের মাধ্যমে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে ট্রেন ও শ্রেণিভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়ছে। নতুন ভাড়া কার্যকর হবে আগামী ২০ ডিসেম্বর থেকে।
রেলওয়ের ভাষায়, রেলপথে কোনো সেতু বা সমজাতীয় অবকাঠামো পড়লে ভাড়ার সঙ্গে বাড়তি যে মাশুল যুক্ত হয়, সেটিই ‘পন্টেজ চার্জ’। নিয়ম অনুযায়ী ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ২.৫ কিলোমিটার পথ হিসেবে গণনা করা হবে। ফলে কাগজে-কলমে পথের দূরত্ব বৃদ্ধি পাওয়ায় সেই অনুপাতে বাড়তি মাশুল যোগ হবে।
রেলের আয় বৃদ্ধি করতে চলতি বছরের মে মাসে এ উদ্যোগ নেয় রেলওয়ে পূর্বাঞ্চল। যাচাই–বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ডিসেম্বরে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সাধারণ এবং বিরতিহীন আন্তনগর ট্রেনের জন্য আলাদা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত এই পূর্বাঞ্চলেই নতুন ভাড়া প্রযোজ্য হবে।
এ বিষয়ে জানা যায়, গত ২৫ মে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস–সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম টিকিটের মূল ভাড়া না বাড়িয়ে আয় বৃদ্ধির পরামর্শ দেন এবং ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুগুলোর ক্ষেত্রে পন্টেজ চার্জ সমন্বয় করার নির্দেশ দেন। এরপর রেলওয়ের পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ কাজ শুরু করে।
রেলওয়ে সর্বশেষ ২০১৬–১৭ অর্থবছরে ট্রেনভাড়া বাড়িয়েছিল। প্রায় নয় বছর পর এবার নতুন করে ভাড়া বাড়ানো হলো।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে ২০ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়। পরে ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূঁইয়া জনস্বার্থে বিষয়টি প্রচারের অনুমোদন দেন। পূর্বাঞ্চলে এবার সর্বনিম্ন ভাড়া বাড়ছে ৫ টাকা এবং সর্বোচ্চ ২২৬ টাকা।
@ইয়াসমিন রিমা