ভেতরের খবর নিউজ ডেস্ক: গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, বিকট শব্দ শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
প্রত্যক্ষদর্শী মাহফুজ আহমেদ বলেন, তিনি প্রথমে ভেবেছিলেন আশপাশে কোনো বিয়ের অনুষ্ঠানের বাজি ফোটানো হচ্ছে। পরে জানতে পারেন আদালত এলাকার সামনে দুর্বৃত্তরা পটকার মতো বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সড়কের কিছু অংশে হলুদাভ দাগ রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে পাউডারজাতীয় কিছু আলামত সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠিয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। সংবেদনশীল এলাকায় বিস্ফোরণের এ ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।