ভেতরের খবর নিউজ ডেস্ক: সুদানে জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, সুদানের আবেই (Abyei) এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলার সময় ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি শান্তিরক্ষীরা প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন আহত হন।
আইএসপিআরের খুদে বার্তায় আরও জানানো হয়, হামলাকারী সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষী বাহিনীর পাল্টা লড়াই চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘের ব্যবস্থাপনায় দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে ইউএন ঘাঁটি ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশি শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সুদানে এই প্রাণঘাতী হামলার ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।