ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (সোমবার) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে তার পরিবার ও সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. আহাদ জানান, হাদির ফুসফুস ও কিডনি কার্যক্রম বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে মস্তিষ্কজনিত জটিলতা এখনো কাটেনি।
সূত্র জানায়, বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি চলছে। এ সংক্রান্ত ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সফরসঙ্গী হিসেবে থাকবেন তার ভাই আবু বকর সিদ্দীক।
ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতির পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে হাদির পরিবার ও ‘ইনকিলাব মঞ্চ’ সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।