ভেতরের খবর নিউজ ডেস্ক: হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, এর মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে—এমনটি বলা যাবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, “মাঝেমধ্যে দুই-একটি খুন-খারাবির ঘটনা ঘটে। এই যে হাদির একটি ঘটনা ঘটেছে, আমরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করি।” এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, “আইন-শৃঙ্খলার অবনতি হলো কোথায়?”
অতীতের উদাহরণ টেনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মতো ঘটনাও বাংলাদেশে আগে ঘটেছে। “এ ধরনের ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়,” বলেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, সব ধরনের শঙ্কা দূর করে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এবারই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি এই নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিইসির ভাষায়, “এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন।”