ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাদিক কায়েম। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরো পরিস্থিতিতে তাকে কিছুটা বিব্রত দেখায়।
সাদিক কায়েম বলেন, অনতিবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।
তিনি তার দাবিগুলো তুলে ধরে বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি হামলাকে সমর্থন দেওয়া এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তোলার অভিযোগে তথাকথিত ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি।
দ্বিতীয় দাবিতে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও মন্তব্য করেন।