ভেতরের খবর নিউজ ডেস্ক: শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতের আঁধারে দুর্বৃত্তরা কবরের ওপর কাঠ রেখে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন নিহত বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেন। ২০১০ সালের ৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। পরিবারের বসতঘরের পাশেই তাঁকে দাফন করা হয়। প্রতিদিনের মতো আজ সকালে তাঁর স্ত্রী মাহফুজা বেগম কবর জিয়ারতে গিয়ে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। কবরের ওপর ছাই ও সদ্য নিভে যাওয়া আগুনের ধোঁয়া দেখে তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
আ. মান্নানের মেয়ে আফরোজা আক্তার জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের অবহিত করেন। তিনি বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় পরিবার গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ঘটনাটির খবর পেয়েছেন এবং বিস্তারিত খোঁজ নিতে সংশ্লিষ্টদের পাঠানো হবে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কবরের পাশে স্বজনদের ভিড়। কান্নাজড়িত কণ্ঠে মাহফুজা বেগম বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার কবরের সঙ্গে এমন অবমাননাকর আচরণ মেনে নেওয়া যায় না। বিজয় দিবসের আনন্দের দিনে পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে।
শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিজ সিকদার বলেন, ঘটনাটি উদ্বেগজনক। মুক্তিযোদ্ধারা আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, পুলিশ সুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা