ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাস্যুটিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার ১২ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করেন।
এই ঐতিহাসিক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৫৪ জন প্যারাট্রুপারের মধ্যে সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অংশ নেন। ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর ফ্লাই-পাস্ট ও বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো অনুষ্ঠিত হয়।
@ইয়াসমিন রিমা