ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের আশ্রয় দেওয়ার অভিযোগের প্রতিবাদে রাজধানীতে ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস’ কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রামপুরা এলাকা থেকে মিছিল শুরু হলে গুলশান লিংক রোডে পুলিশি ব্যারিকেডের কারণে তা এগোতে পারেনি। পরে মিছিলটি ইবনে সিনা হাসপাতালের সামনে অবস্থান নেয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে দুপুর আড়াইটা থেকেই রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় জুলাই ঐক্যের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মিছিল চলাকালে তারা ‘দিল্লি না ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই হাসপাতালে, খুনি কেন বাহিরে’সহ নানা স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ‘Ban Indian Proxy Media’ লেখা ফেস্টুন দেখা যায়। সামনের সারিতে নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া কর্মসূচির নিরাপত্তায় ‘জুলাই ঐক্য’ লেখা জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।


