ভেতরের খবর নিউজ ডেস্ক: অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বছরের ২০ ফেব্রুয়ারি শুরু হবে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় মেলার সময়সূচি চূড়ান্ত করা হয়।
বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার উদ্বোধন করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী, মেলা চলবে টানা ১৫ মার্চ পর্যন্ত।
জরুরি সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
প্রতিবছরের মতো এবারও ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে অমর একুশে বইমেলা ঘিরে পাঠক, লেখক ও প্রকাশকদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।


