ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে দলের বিভিন্ন স্তরে অনানুষ্ঠানিক কথাবার্তা চলছে এবং দুই পক্ষ থেকেই আগ্রহ রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে তাঁদের জন্য দলে নতুন পদ সৃষ্টির কথাও ভাবা হচ্ছে।
দলীয় সূত্র অনুযায়ী, মাহফুজ আলম লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ উপজেলা) এবং আসিফ মাহমুদ ঢাকা–১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন এটি অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। এর আগে দুজনের বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আলোচনা ছড়ালেও সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করায় সেই সম্ভাবনা নাকচ হয়ে যায়।
ঢাকা–১০ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার পর আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে একসময় দায়িত্ব পালন করেছিলেন আসিফ। দলটির সঙ্গে তাঁর এখনো যোগাযোগ রয়েছে। এর মধ্যেই এনসিপিতে যোগ দেওয়ার নতুন আলোচনা সামনে আসে।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের উদ্যোগে গঠিত এনসিপির সঙ্গে শুরু থেকেই মাহফুজ ও আসিফের সুসম্পর্ক ছিল। তবে গত কয়েক মাসে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হওয়ায় এনসিপিতে যোগদান নিয়ে অনিশ্চয়তাও দেখা দেয়।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। দলের নেতৃবৃন্দ তাঁদের এনসিপিতেই দেখতে চান। বিষয়টি খুব শিগগিরই পরিষ্কার হবে।”
উল্লেখ্য, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ দুজনই জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন। ১০ ডিসেম্বর তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়।
পদত্যাগের পর ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ ঢাকা–১০ আসনে একটি বিজয় শোভাযাত্রা করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দেন। অন্যদিকে মাহফুজ আলম ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বক্তব্য দেন, যেখানে এনসিপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
এনসিপিতে যোগদানের বিষয়ে যোগাযোগ করা হলে মাহফুজ আলম কোনো মন্তব্য করেননি। তবে আসিফ মাহমুদ লিখিত বক্তব্যে জানান, “আপাতত ঢাকা–১০ আসনে স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।”
@ইয়াসমিন রিমা


