ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় নেমে এসেছে গভীর শোক। খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা হাদির বাড়িতে ছুটে আসেন। কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা–ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
নেতাকর্মীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
@ইয়াসমিন রিমা


