ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থেকে নেতৃত্বদানকারী অকুতোভয় যোদ্ধা শহিদ ওসমান হাদির আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এ পরিপ্রেক্ষিতে, শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মীয় রীতিতে বিশেষ প্রার্থনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের নির্দেশনা প্রদান করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


