ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে সুপরিকল্পিত ও নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে মন্তব্য করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শুক্রবার মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাদির সাহসী নেতৃত্ব ও আপসহীন ভূমিকা ছাত্র-জনতার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতারা অভিযোগ করেন, হাদির কণ্ঠ স্তব্ধ করতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা গণতান্ত্রিক আন্দোলন দমনের অপচেষ্টা। একই সঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনাকে পুঁজি করে দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে।
বিবৃতিতে হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
@ইয়াসমিন রিমা


