ভেতরের খবর নিউজ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউনিসফা) একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তাঁদের মরদেহ দেশে আনা হয়।
বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদদের মরদেহ গ্রহণ করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, ইউনিসফা মিশনের ফোর্স কমান্ডারের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণকালে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সামরিক রীতি অনুযায়ী শহীদদের গার্ড অব অনার প্রদান করা হয়।
আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারযোগে শহীদদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সংঘটিত ওই হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৯ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালের লেভেল–৩ সুবিধায় চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত।
এ ঘটনায় এক শোকবার্তায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগকে জাতির গৌরব উল্লেখ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
@ইয়াসমিন রিমা


