ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে নিয়মিত মন্তব্য করার কারণে আলোচনায় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের পর তিন মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানিয়েছে, বুধবার সকালে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে তিন মাসের আটকাদেশ জারি করা হয়েছে।এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নরসিংদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, এসব বক্তব্যে তিনি অনুসারীদের উসকানিমূলক মন্তব্য করেন।
আতাউর রহমান বিক্রমপুরী সর্বশেষ ২২ ডিসেম্বর রাতে ফেসবুকে লাইভে বক্তব্য দেন। প্রায় ৩৯ মিনিটের ওই লাইভে তিনি প্রথম আলো ও ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে নানা মন্তব্য করেন। ওই লাইভ ভিডিও প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, “প্রথম আলোর মামলায় আমাকেও গ্রেফতার করুন”।
তার ব্যবহৃত ফেসবুক পেজটি ভেরিফায়েড না হলেও সেখানে তিনি নিজেকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দায়িত্বশীল হিসেবে পরিচয় দিয়েছেন।
এদিকে, মঙ্গলবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির কয়েকজন নেতাকে নিয়ে করা মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে।


