ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন করছেন। এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতার ধারাবাহিকতায় এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আরও আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় এনসিপি। গতকাল রোববার ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই কুমিল্লা-৪ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। উল্লেখ্য, এই আসনেই এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর বাড়ি। এর আগে ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবেও সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, কর্মীদের ত্যাগের জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেবীদ্বারের মানুষের পাশে সব সময় থাকবেন। সংগঠনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কল্যাণ বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
@ইয়াসমিন রিমা


