ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান রাজশাহীর দিকে যাওয়ার সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও তাঁর সহকারী প্রাণ হারান।
নিহতরা হলেন মো. সোহাগ শেখ (২৬)। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘরিয়া শিবপুর এলাকার ফরজ আলী শেখের ছেলে। অপর নিহত মো. বিপ্লব হোসেন (৩৫), তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


