ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থায়ী কমিটির সভা শুরু হয়, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী আরেকটি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রেখে জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করায় বিএনপি কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি দলের পক্ষ থেকেও সাত দিনব্যাপী শোক পালন করা হবে। এ সময় দলের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন, সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হবে।
@ইয়াসমিন রিমা


