ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৮টি দল ভোটে অংশ নিচ্ছে না। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি জানায়, সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৩০৭টি।
মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও কোন কোন দল মনোনয়ন জমা দেয়নি, সে বিষয়ে সব দলের নাম এখনো চূড়ান্তভাবে জানাতে পারেনি নির্বাচন কমিশন।
ইসির তথ্যমতে, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
@ইয়াসমিন রিমা


