ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকার পিয়ার আলী কলেজ–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস, এসআই মুহাম্মদ মাসুদ রানা ও কনস্টেবল আজিজ। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে মাওনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লাকী আক্তার (২৮), জাহাঙ্গীর আলম (২৬) ও মো. রাজীবকে (৩৩) আটক করা হয়। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
একপর্যায়ে স্থানীয় অন্যান্য মাদক কারবারি ও তাঁদের সহযোগীরা দেশি অস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের দুটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। হামলার একপর্যায়ে রাজীব ও জাহাঙ্গীর আলমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।
পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে একটি মামলা করেন। পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগেও থানায় একাধিক মামলা রয়েছে।
@ইয়াসমিন রিমা