ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন।
তিনি জানান, বিধি অনুযায়ী ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর জন্য মোট ভোটারের নির্দিষ্ট অংশের স্বাক্ষর প্রয়োজন ছিল, যা তাসনিম জারার ক্ষেত্রে সংখ্যাগতভাবে পূরণ হয়েছে। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থকদের তালিকায় থাকা ১০ জন ভোটারের মধ্যে মাত্র আটজন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুসারে মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাসনিম জারার আপিলের সুযোগ রয়েছে।
তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।
৩১ বছর বয়সী তাসনিম জারা পেশায় চিকিৎসক। পাশাপাশি তিনি শিক্ষকতা ও উদ্যোক্তার সঙ্গেও যুক্ত বলে হলফনামায় উল্লেখ করেছেন। আয় সংক্রান্ত তথ্যে তিনি জানান, দেশে চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশে আয় মাত্র ২৬৪ টাকা। আর দেশের বাইরে একই খাত থেকে বছরে তাঁর আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, তাসনিম জারার অস্থাবর সম্পদের মোট মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৬ লাখ টাকা নগদ, ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড (মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১০ হাজার ১৯০ টাকা এবং আড়াই লাখ টাকা মূল্যের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু।
২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি বছরে আয় দেখিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। সেখানে তাঁর মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
হলফনামায় তিনি নির্ভরশীল হিসেবে স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ করেছেন। খালেদ সাইফুল্লাহ পেশায় উদ্যোক্তা। তাঁর দেশের ভেতরে কোনো আয় নেই, তবে দেশের বাইরে বছরে ৩৫ হাজার ব্রিটিশ পাউন্ড আয় করেন। পাশাপাশি শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তাঁর আয় ৪ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।
@ইয়াসমিন রিমা