ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় একাধিক অসংগতি পাওয়া গেছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য উল্লেখ করেননি। এ ছাড়া নোটারি পাবলিকে এফিডেভিট সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করার বিষয়টি ধরা পড়ে এবং সম্পদ বিবরণীর নির্ধারিত ফরমও দাখিল করা হয়নি। এসব কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান তিনি। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার সুযোগ রয়েছে।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে মাহমুদুর রহমান মান্নার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তিনি ফোন ধরেননি।
মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মাহমুদুর রহমান মান্নার পক্ষে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। তিনি বলেন, নোটারি পাবলিকে এফিডেভিট সম্পাদনের দিনই মান্না স্বাক্ষর করেছিলেন। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে উপস্থিত নেতা–কর্মীদের চাপের মুখে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁদের দাবি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে এবং প্রার্থিতা ফিরে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এর আগে গত ২৯ ডিসেম্বর ঋণখেলাপি তালিকায় (সিআইবি) মাহমুদুর রহমান মান্নার নাম অন্তর্ভুক্তির কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তাঁর আইনজীবী জানিয়েছেন, এতে নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই।
ডাকসুর দুইবারের সাবেক ভিপি ও আওয়ামী লীগের একসময়ের নেতা মাহমুদুর রহমান মান্না এবার বিএনপির সমর্থন পেয়েছেন। ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-২ আসনটি মিত্রদল নাগরিক ঐক্যকে ছেড়ে দেওয়ার কথা জানান। তবে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেও দলের নেতা মীর শাহে আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
@ইয়াসমিন রিমা