ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত পরিবেশবান্ধব ব্যাটারিচালিত ই-রিকশা এবার রাজধানীর আফতাবনগরে চলাচল শুরু করছে। বাড্ডা-রামপুরা সড়ক থেকে আফতাবনগরে প্রবেশের সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এই ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে আফতাবনগরের আড্ডার মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ই-রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এর আগে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় পাইলট প্রকল্প হিসেবে বুয়েট উদ্ভাবিত ই-রিকশা চালু করা হয়েছিল। এবার সেই উদ্যোগের আওতায় আফতাবনগরে ই-রিকশা চলাচল শুরু হলো।
ইতোমধ্যে বেশ কয়েকজন রিকশাচালক প্রশিক্ষণ পেয়েছেন এবং পর্যায়ক্রমে আরও চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে লাইসেন্সপ্রাপ্ত চালকরা নির্ধারিত এলাকায় এসব ব্যাটারিচালিত রিকশা চালাতে পারবেন। ভাড়া ও গতিসীমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।
আয়োজকরা জানান, নতুন এই ই-রিকশায় ৩৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার চার্জে রিকশাটি ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। উন্নত ব্যাটারি ও আধুনিক নিরাপত্তা সুবিধা যুক্ত থাকায় চালকদের মধ্যে এই ই-রিকশা চালানোর আগ্রহ বাড়ছে বলেও জানান তারা।
‘আফতাবনগরে বুয়েট উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঢাকায় চলাচলকারী অধিকাংশ গাড়ির ইঞ্জিনের সক্ষমতা ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতির হলেও বাস্তবে রাজধানীতে যানবাহনের গড় গতি মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার। এতে জ্বালানির অপচয়ের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে।
তিনি বলেন, গড় গতি কম হলেও সড়ক দুর্ঘটনা ঘটছে মূলত শৃঙ্খলার অভাব ও নিয়ম না মানার কারণে। রাস্তার পরিমাণ সীমিত হলেও বিদ্যমান সড়কগুলো সঠিকভাবে ব্যবহার করলে যান চলাচলের গতি বাড়ানো এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যেই বুয়েটের তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে চারটি রুটে পরীক্ষামূলকভাবে এ ই-রিকশা চালানো হচ্ছে এবং শিগগিরই তা পুরো ঢাকা শহরে সম্প্রসারণ করা হবে।