ভেতরের খবর নিউজ ডেস্ক: শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শনিবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
সমাবেশ শেষে বিক্ষোভ-মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাবেন তারা। বিচার আদায়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির হত্যাকারী এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। অন্যথায় আরও কঠোর ও চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরদিন ১৯ ডিসেম্বর রাতে মরদেহ দেশে পৌঁছায়। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।