বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সম্পাদক মাহদী হাসানের জামিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: হবিগঞ্জে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার সকালে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে আদালতে নেওয়া হয়। সকাল ১০টার দিকে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
এর আগে শনিবার সন্ধ্যার দিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রোববার সকালে তাকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি, এনামুল হাসান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানায় ওসির কক্ষে অবস্থান নেন। এই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *