ভেতরের খবর নিউজ ডেস্ক: নওগাঁ জেলা কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে আব্দুর রশিদ (৫৬) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (আজ) সন্ধ্যা ছয়টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর দুইটার দিকে আব্দুর রশিদ হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
জেলার জানান, বিকেল তিনটার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মারা যাওয়া আব্দুর রশিদ নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা। তিনি রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রানীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গত ১৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার জানান, কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় একজন হাজতিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।
@ইয়াসমিন রিমা