ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যা রাত ৯টা পর্যন্ত চলে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের অর্থনীতি, শিল্পখাতের বর্তমান চ্যালেঞ্জ, রপ্তানি পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের সিইও আহসান খান চৌধুরীসহ দেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের শীর্ষ নেতারা।
এছাড়া ট্রান্সকম গ্রুপ, পারটেক্স গ্রুপ, বিএসআরএম, সিকম গ্রুপ, উত্তরা মটরসসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীরা বৈঠকে অংশ নেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকের শুরুতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের পরিচয় করিয়ে দেন।