ভেতরের খবর নিউজ ডেস্ক: ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তাঁর স্ত্রী জাহানারা ইয়াসমিনের নামে থাকা মোট আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ আজ বুধবার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আলী আজম মুকুলের নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা এবং তাঁর স্ত্রী জাহানারা ইয়াসমিনের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে রয়েছে ৫০ লাখ ৭৫ হাজার ৫২৯ টাকা।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পিয়াস পাল ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য পৃথক দুটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তদন্ত চলাকালে আসামিরা তাঁদের নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৬ অক্টোবর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আলী আজম মুকুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
@ইয়াসমিন রিমা