ভেতরের খবর নিউজ ডেস্ক: নিরাপত্তাশঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলকে সেখানে না পাঠানোর সিদ্ধান্ত জানালে এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জবাবের অপেক্ষায় রয়েছে তারা।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যতের কথা মাথায় রাখা উচিত। আজ রাজধানীর সিটি ক্লাব মাঠে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদসহ আরও অনেকে।
ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে সরাসরি কোনো মন্তব্য না করে তামিম বলেন, তিনি বোর্ডে থাকলে সিদ্ধান্ত নিতেন ভবিষ্যৎ বিবেচনা করে। তাঁর ভাষায়, ‘এই মুহূর্তে অনেক কিছুই ঘটছে, তাই মন্তব্য করা জটিল। তবে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় এবং ভবিষ্যতে কী হতে পারে সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। সবাই মিলে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হয়।’
সরকারের কঠোর অবস্থানের কারণেই বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেলেও তামিম মনে করেন, বোর্ডের নিজস্ব অবস্থান থাকা জরুরি। তিনি বলেন, ‘আমরা বিসিবিকে একটি স্বাধীন সংস্থা মনে করি। অবশ্যই সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, কিন্তু বোর্ড যদি স্বাধীন হয়, তাহলে তাদের নিজস্ব সিদ্ধান্তও থাকতে হবে।’
দর্শকদের আবেগের বাইরে গিয়ে বাস্তববাদী হওয়ার ওপর জোর দিয়ে তামিম আরও বলেন, ‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু আবেগ দিয়ে বড় সংস্থা চালানো যায় না। আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছরে বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের ওপর কী প্রভাব ফেলবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই ভারতে না যাওয়ার সিদ্ধান্তের সূত্রপাত। ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে দলে না রাখার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্বকাপে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে এমন প্রশ্ন তুলে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে।
মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া প্রসঙ্গে তামিম বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক ঘটনা, এতে কোনো সন্দেহ নেই।’
@ইয়াসমিন রিমা