ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে জারি করা এক নোটিশে জানানো হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরেন এবং ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বিক্রি বন্ধের আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করেছে পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবি জানানো হয়।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বুধবার রাত ১১টায় জানান, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তবে এদিন বেলা তিনটায় বিইআরসির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে পুনরায় বিক্রি শুরু হবে, অন্যথায় বন্ধই থাকবে।
উল্লেখ্য, প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সর্বশেষ ৪ জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ, সংকট নিরসনের দিকে নজর না দিয়ে দাম নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে এবং ভোক্তা অধিকার অভিযান চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এতে অনেক পরিবেশক ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি পরিবেশকদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করার দাবিও জানিয়েছে।
@ইয়াসমিন রিমা