বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে এই পদে আসীন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানকে এখন আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় তিনি আরও জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও এ জেড এম জাহিদ হোসেন।
উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, কর্মসূচি ও সাংগঠনিক দিকনির্দেশনা এই কমিটির বৈঠকে চূড়ান্ত করা হয়। দলীয় সূত্র জানায়, জরুরি এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে।
@ইয়াসমিন রিমা