ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সাতকানিয়ার বাজালিয়া বাসস্টেশনের ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। তিনি চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন এম এ হাসেম। কর্মসূচি শেষে চন্দনাইশে ফেরার পথে তাঁদের বহনকৃত মাইক্রোবাসটি ভাঙা সেতু এলাকায় পৌঁছালে হঠাৎ করে হামলার শিকার হয়। এ সময় গাড়ি লক্ষ্য করে গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা-কর্মীরা।
এম এ হাসেম বলেন, “স্থানীয় এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীরা এ হামলা করেছে। গাড়ির ভাঙা কাচে আমি আঘাত পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতের জোটসঙ্গী এলডিপির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। তিনি বলেন, “এ ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। কোথায়, কীভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।”
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক জানান, এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলিবর্ষণের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
@ইয়াসমিন রিমা