ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের একটি ঘটনা ঘটলেও সেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে হয়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়, যা দ্রুত আলোচনার সৃষ্টি করে।
এই প্রেক্ষাপটে বিকেল পাঁচটার দিকে এনসিপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বার্তা দেয়। সেখানে জানানো হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির একটি সাংগঠনিক অফিসের পাশেই মঙ্গলবার গুলির ঘটনা ঘটেছে। তবে সেটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের ব্যক্তিগত কার্যালয় নয়। পাশাপাশি ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও ধারণা প্রকাশ করা হয়। বার্তাটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
এ বিষয়ে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয় লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। তিনি বলেন, যে স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে গত বছরের নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। পরে সেটি আফতাবনগরে স্থানান্তর করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং এটিকে কোনোভাবেই এনসিপির কার্যালয় বা নির্বাচনী কার্যক্রমকে লক্ষ্য করে করা হামলা বলা যাবে না। ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা